টিপিএফ বাংলা, কলকাতা: পশ্চিমবঙ্গে সমাজবিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে উত্তরপ্রদেশ ও গুজরাতের আদলে কড়া আইন আনছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে 'দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬'। বিলের গেজেট নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
বিল অনুযায়ী, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং বালি, পাথর, খনি ও বনজ সম্পদের বেআইনি কারবার সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। নিয়মিত এসব অপরাধে জড়িত ব্যক্তি, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য, পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র, মাদক, বিস্ফোরক ও নারী পাচার প্রতিরোধ আইনের অভিযুক্তরাও এই আইনের আওতায় আসবেন।
কোনও সন্দেহভাজনকে আটক করতে পুলিশ সুপার বা ঊর্ধ্বতন আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার নির্দেশ দিতে পারবে। এছাড়া গত সাত বছরে একবার দোষী সাব্যস্ত হওয়া বা তিনটি মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিকে পুলিশ কমিশনার বা জেলা শাসক আটক করতে পারবেন। এই আইনের সব অপরাধই গ্রেফতারযোগ্য ও জামিন-অযোগ্য। আইন ভাঙলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। দাগী অপরাধী বা এলাকাছাড়া ব্যক্তিকে আশ্রয় দিলেও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
